জাতীয় দলে সাকিব আল হাসান ফিরলে লাভ হবে দলেরই—এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার বিশ্বাস, এখন দলে ফিরতে পারলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন সাকিব।
২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে আসতে পারেননি সাকিব। তবে সম্প্রতি তাকে ফেরানোর উদ্যোগের কথা শোনা যাচ্ছে। নতুন সরকার সাকিবকে খেলানোর পক্ষে অবস্থান নিয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও তাকে দলে রাখতে আগ্রহী।
সাকিবের ফেরার প্রক্রিয়া কতদূর—এ প্রশ্নে আশরাফুল বলেন,
“আমাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আপনাদের মাধ্যমেই যতটুকু শুনতে পারি।”
তবে সাকিবের প্রয়োজনীয়তা নিয়ে তিনি স্পষ্ট। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তার অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্স দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করেন আশরাফুল।
“ব্যক্তিগতভাবে মনে করি, ওর বয়স এখন ৩৭-৩৮। যদি এক ফরম্যাটে মনোযোগ দেয়, তাহলে সহজেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড়, যে ব্যাটিং-বোলিং দুটোই করতে পারে—তাকে পাওয়া আমাদের জন্য অবশ্যই বেনিফিট।”
তিন ফরম্যাটে চিত্র কেমন?
দলের বর্তমান অবস্থা নিয়ে আশরাফুল বলেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে দল ভালো করছে। তবে ওয়ানডেতে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ।
“টেস্টে খুব চমৎকার সেটআপ। টি-২০ দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি, সেখানে গ্যাপ আছে। যারা আছে, তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। ম্যাচ উইনিং পারফরম্যান্স দরকার।”
তিনি আরও জানান, বিসিএলের পারফরম্যান্স দেখেই বোঝা যাবে কোন জায়গায় বেশি শক্তিবৃদ্ধি প্রয়োজন।
২০২৭ বিশ্বকাপের লক্ষ্য
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের টপ এইটে থাকতে হবে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে আশরাফুল বলেন,
“আমাদের তিন ফরম্যাটের দুই ফরম্যাটেই ভালো খেলছি। কিন্তু ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি, অথচ এটিই ছিল আমাদের সেরা ফরম্যাট। মুশফিক, রিয়াদ, সাকিব—এই তিন মিডল অর্ডারের বড় খেলোয়াড় না থাকায় শূন্যতা তৈরি হয়েছে। যারা খেলছে তারা পারফর্ম করছে, কিন্তু ফল আসছে না। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।”
সব মিলিয়ে, অভিজ্ঞতা ও ভারসাম্যের কথা ভেবেই সাকিবকে আবারও জাতীয় দলে দেখতে চান আশরাফুল। তার মতে, সাকিবের প্রত্যাবর্তন হলে তা শুধু একজন ক্রিকেটারের ফেরা নয়—বাংলাদেশ দলের জন্য হতে পারে বড় প্রাপ্তি।

