টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বেই বিদায় অনেককেই বিস্মিত করেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি চোটজর্জর স্কোয়াড নিয়ে মাঠে নামলেও তাদের এমন ব্যর্থতা সহজে মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা।
গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে সুপার এইটে উঠতে পারেনি অজিরা। একই গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে, আর বিদায় নেয় অস্ট্রেলিয়া। প্রথম সারির তিন পেসারসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চোটের কারণে না পাওয়াটা অবশ্য বড় ধাক্কা ছিল। তবুও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের এমন বিদায় প্রশ্ন তুলেছে অনেকের মনে।
ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া সেরা আটে জায়গা করে নিতে পারেনি—এটা বিশ্বাস করা কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটি ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
অশ্বিনের ভাষ্য, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো পেসারদের না পাওয়া এবং মিচেল স্টার্কের অবসর দলকে দুর্বল করেছে ঠিকই, তবে অস্ট্রেলিয়া আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাফল্য পেতে অস্ট্রেলিয়া কতটা সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে, তা পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মতো সমৃদ্ধ ক্রিকেট কাঠামো ও গভীরতা থাকা দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশিত। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিলে ভবিষ্যৎ আসরগুলোতে অস্ট্রেলিয়াকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে দেখা যেতে পারে বলেও মনে করেন তিনি। এবারের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বলেও জানান অশ্বিন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৮ সালে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া।

