ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া সত্ত্বেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। পিএসএলের সময়ই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), তবে গুরবাজ জানিয়েছেন তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন।

আইপিএলে একাধিক মৌসুম খেলার অভিজ্ঞতা থাকলেও সর্বশেষ নিলামে কোনো দল পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। পরে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের পরবর্তী আসরের নিলাম। এর আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তারকা ক্রিকেটারদের দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গুরবাজ জানান, তিনি আসন্ন আসরে অংশ নিচ্ছেন না। তিনি লেখেন,
“সবাইকে সালাম। বিশ্বকাপের পর আমি ব্যস্ত সূচির কারণে পিএসএল খেলতে পারছি না। সে সময় আফগানিস্তানে আমার ফাউন্ডেশনের কাজে মনোযোগ দেব। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

গুরবাজের এই সিদ্ধান্ত পেশোয়ার জালমির জন্য কিছুটা ধাক্কাই। তবে নিলামে নতুন কোনো তারকা উইকেটরক্ষক ব্যাটারের দিকে নজর রাখতে পারে দলটি। ইতোমধ্যে রিটেনশনে চার ক্রিকেটারকে ধরে রেখেছে জালমি— বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলি রাজা।

