ঢাকাMonday , 7 September 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

পাকিস্তানের কোচিংয়ে বারবার পরিবর্তন, মুশতাকের কণ্ঠে ভয়ের কথা

Rahidul
September 7, 2026 7:32 pm
Link Copied!

পাকিস্তান ক্রিকেটে যেন পরিবর্তনের শেষ নেই। একের পর এক সিদ্ধান্ত ও রদবদলের পরও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি দেখা যাচ্ছে না। চলতি ইংল্যান্ড সফরের মাঝপথেই টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুধু কোচিং স্টাফেই নয়, দলেও এসেছে বড় পরিবর্তন। ইংল্যান্ড সফর থেকে সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে নতুন সাতজনকে। একই সঙ্গে সাদা বলের দলের দায়িত্বে থাকা মাইক হেসনকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাশলে নফকে।

পাকিস্তান ক্রিকেটে এমন ঘন ঘন পরিবর্তন নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ।

নিজ দেশের ক্রিকেটে আবারও কাজ করার ইচ্ছার কথা জানালেও কোচ হিসেবে পাকিস্তানে ফেরার ক্ষেত্রে নিজের ভয় ও উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে মুশতাক বলেন, নিজের দেশের জন্য কাজ করতে চান তিনি। তবে কোচদের প্রতি সম্মান না থাকা এবং আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে হঠাৎ বরখাস্ত হওয়ার বিষয়টি তাকে চিন্তিত করে।

মুশতাকের ভাষায়, সফরে গিয়ে কোচদের বরখাস্ত হতে দেখলে স্বাভাবিকভাবেই একজন কোচ উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়েন।

তার মতে, পাকিস্তান ক্রিকেটে এসব বিষয় ঠিক করা গেলে শুধু তিনি নন, কোচিংয়ে থাকা প্রত্যেক পাকিস্তানিই দেশের ক্রিকেটের জন্য কাজ করতে আগ্রহী হবেন। খেলোয়াড়দের সেরা ফর্মে ফিরিয়ে আনা, তাদের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসী করে তোলা এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে সক্ষম একটি দল গড়ে তোলার এখনই উপযুক্ত সময় বলেও মনে করেন তিনি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে তাই ঘুরে দাঁড়িয়ে সফর শেষ করাই পাকিস্তানের প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  বারবার চোট, বারবার প্রত্যাবর্তন! মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প | The Fizz