রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ রানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাট হাতে ইশমা তানজিমের অবদান এবং শেষ ওভারে অধিনায়ক ফাহিমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে হারিয়েছে টাইগ্রেসরা।
থাইল্যান্ডের ব্যাংককে টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামিমা সুলতানা দলকে ভালো শুরু এনে দেন। তাদের জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করে ফিরলেও ইশমা ২৫ বলে ৩০ রান করে ইনিংসের ভিত গড়ে দেন।
এরপর তিন নম্বরে নেমে শারমিন সুলতানা দায়িত্বশীল ব্যাটিং করেন। ২৭ বলে ২৯ রান করে দলকে এগিয়ে নিলেও শেষ দিকে ব্যাটিং ধস নামে। শেষ ১৯ বলে মাত্র ১১ রান তুলে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ১ বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট হয় টাইগ্রেসরা। শ্রীলঙ্কার হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন সাচিনি নিসানসালা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত ওপেনিং জুটি ভাঙেন। পরে সানজিদা আক্তার মেঘলাও উইকেট তুলে নিলে চাপে পড়ে লঙ্কানরা। মাঝখানে হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে লড়াইয়ের চেষ্টা করেন, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
শেষ দিকে আমা কাঞ্চানা (৩০ বলে ২৩) ও সাচিনি নিসানসালা (১৮ বলে ২০) ম্যাচ জমিয়ে তুললেও শেষ ওভারে ঠাণ্ডা মাথায় বোলিং করেন ফাহিমা। ১৩ রানের সমীকরণে তিনি মাত্র ৮ রান দেন এবং একটি উইকেট তুলে নেন। ফলে ৪ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল নেন ২টি করে উইকেট, আর শরিফা খাতুন ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেল বাংলাদেশ নারী ‘এ’ দল।

