ঢাকাFriday , 30 October 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

হংকং সিক্সেসে হার দিয়ে শুরু বাংলাদেশের, শেষ বলে ছক্কায় স্কটল্যান্ডের জয়

Rahidul
October 30, 2026 9:15 am
Link Copied!

হংকং সিক্সেসের এবারের আসরে হার দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শেষ বলের রোমাঞ্চে স্কটল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। ইনিংসের শুরুটা ছিল দারুণ আক্রমণাত্মক। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমনী বার্তা দেন হাবিবুর রহমান সোহান। পরের বলেই ছক্কায় রানের খাতা খোলেন সাব্বির রহমান। এরপর দুজনের ব্যাটে চলে ছক্কার উৎসব। প্রথম ওভারেই আসে ২৬ রান, যার মধ্যে সোহানের অবদান ১৯।

তবে সোহানের ঝোড়ো ইনিংস থামে ৬ বলে ২৫ রানে। চারটি ছক্কা হাঁকিয়ে জেসপার ডেভিডসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর সাব্বির রহমানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ বলে ৮ রান করে বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার।

চাপের মুখে দলের হাল ধরতে পারেননি চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন পিয়ান। পিয়ান ৬ বলে ৭ এবং রিজওয়ান করেন ৬ বলে ৩ রান। একপর্যায়ে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে অধিনায়ক আবু হায়দার রনির ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। ৯ বলে ২৫ রান করে রনি ফিরলেও অপর প্রান্তে লড়াই চালিয়ে যান মোহাম্মদ মৃত্যুঞ্জয়। শেষ পর্যন্ত ৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে স্কটল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম চার বলে কোনো রান দেননি মৃত্যুঞ্জয়। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ওপেনার ফিনলে ম্যাকক্রিথ।

মাত্র ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। হংকং সিক্সেসের নিয়ম অনুযায়ী, অর্ধশতক পূর্ণ করার পর ব্যাটারকে মাঠ ছাড়তে হয়। তবে ম্যাকক্রিথের বিদায়ের পরও ম্যাচের নাটকীয়তা শেষ হয়নি।

মেকেঞ্জি জোন্স আউট হওয়ার পর স্কটল্যান্ড কৌশল অবলম্বন করে পরবর্তী দুই ব্যাটারকে রিটায়ার্ড আউট ঘোষণা করে। ফলে আবারও ব্যাটিংয়ে ফেরার সুযোগ পান ম্যাকক্রিথ। শেষ বলে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৪ রান। জার্ভিসের ছক্কায় শেষ হয় ম্যাচ, নিশ্চিত হয় স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয়।

হার দিয়ে হংকং সিক্সেস অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ বেলা ১১টা ২০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।