নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে দলে কাউকে বাদ দেওয়া হয়নি, সাকিব ছাড়া নতুন করে ডাকও পাননি আর কেউ।
চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন তানজিম। এই সিরিজ দিয়েই আবার ২২ গজে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার। যদিও শক্তিশালী পেস আক্রমণে একাদশে তার জায়গা হবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাসকিন আহমেদ তো রয়েছেনই, পাশাপাশি চোট কাটিয়ে এখনও মাঠে নামার অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমানও।
অন্যদিকে, দীর্ঘদিন পর মোসাদ্দেক হোসেন সৈকতের ওয়ানডে দলে ফেরার গুঞ্জন থাকলেও এবারও তাকে দলে রাখা হয়নি।
আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে চট্টগ্রামের ম্যাচটিই এখন সিরিজ নির্ধারণী লড়াই।
একনজরে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

