দুবাইয়ে নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে আসর শুরু করেছে টাইগ্রেসরা। ব্যাট হাতে প্রত্যাশামতো বড় সংগ্রহ না পেলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
জবাবে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইন্দোনেশিয়ার ব্যাটিং লাইনআপ। মাত্র ৫৮ রানেই অলআউট হয়ে যায় দলটি। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল নাহিদা আক্তার। একাই ৩ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। মারুফা আক্তার নেন ২ উইকেট।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাহিদা। তার মতে, উইকেটের আচরণ বিবেচনায় ১২৯ রান যথেষ্টই ছিল। তবে বড় দলের বিপক্ষে খেলতে হলে আরও ১০-১৫ রান বেশি করার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে নাহিদা বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচটা জিতেছি। আপনি ১৩০ রানের কথা বললেন, অবশ্যই উইকেট দেখলে বোঝা যায় এটি কিছুটা স্লো ছিল। তাই আমার মনে হয়, এই রান যথেষ্ট ছিল এবং আমরা আমাদের বোলিং শক্তি সম্পর্কে জানি। তবে ১০-১৫ রানের ঘাটতি ছিল। আমরা আমাদের ব্যাটিং-বোলিংয়ের শক্তির জায়গা জানি।’
ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি থাকলেও বোলারদের পারফরম্যান্সে খুশি নাহিদা। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। পরের ম্যাচে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই স্পিনার।
‘আলহামদুলিল্লাহ, আমাদের বোলাররা ভালো করেছে। এখনো আমি বিশ্বাস করি, আমাদের বোলাররা আরও ভালো করতে পারত। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা থাকবে,’ বলেন নাহিদা।
নিজের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। নাহিদার ভাষ্য, দলের পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক খেলাটাই ধরে রাখতে চান তিনি।
‘আমি যখন বল করি, সবকিছু সাধারণ রেখে নিজের এবং দলের পরিকল্পনা অনুযায়ী করার চেষ্টা করি।’
এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় জয়ের পর এখন টুর্নামেন্টের শিরোপায় চোখ রাখছে বাংলাদেশ। নাহিদাও জানালেন, ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দল।
‘হ্যাঁ, অবশ্যই আমরা ট্রফিতে চোখ রাখছি। ইনশাআল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেললে জিততে পারব।’
প্রথম ম্যাচে ১২৯ রান নিয়েও খুব একটা চিন্তিত নন নাহিদা। উইকেটের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
‘আমরা উইকেটের আচরণ দেখেছি। আজকের উইকেটে ১৩০ আমাদের জন্য যথেষ্ট ছিল। বড় দলের বিপক্ষে খেললে অবশ্যই আরও ১০-১৫ রান বেশি করার চেষ্টা থাকবে।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ জয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করা বাংলাদেশ এখন পরের ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামবে।

