তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে তৃতীয় ওয়ানডেই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খায় সফরকারীরা।
২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৬ বলে ১৩ রান করা হেনরি নিকোলসকে আউট করেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন এই গতিতারকা। এরপর নিজের পরের ওভারেই ৭ বলে ২ রান করা উইল ইয়ংকে ফেরান তিনি।
অধিনায়ক টম ল্যাথাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩৫ বলে ১৪ রান করে থেমে যান দলের ৫২ রানে। তাকে আউট করেন সৌম্য সরকার।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নিক কেলি। ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। মুহাম্মদ আব্বাস (১৯) ও ডিন ফক্সক্রফট (১৫) দুজনকেই ফেরান নাহিদ রানা।
সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন কেলি, তবে শেষ পর্যন্ত ১০২ বলে ৮৩ রান করে আউট হন শরিফুল ইসলামের বলে। তার বিদায়ের পর রানের গতি আরও কমে যায়। শেষদিকে ব্লেয়ার টিকনার ১২ রান করেন।
নাহিদ রানা জেডন লেনক্সকে আউট করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৮ রানের মধ্যে আউট হন সাইফ হাসান (৮)। এরপর সৌম্য সরকার (৮) ফিরলে দল পড়ে চাপে।
তবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে দুর্দান্ত জুটি গড়েন। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১২০ রান, মাত্র ১১০ বলে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলে ৭৬ রান করেন তানজিদ।
অন্যপ্রান্তে ধীরস্থির ব্যাটিং করে ৭১ বলে ৫০ রান করেন শান্ত। ফিফটির পর ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
শেষদিকে তাওহিদ হৃদয় (৩০*) ও মেহেদী হাসান মিরাজ (৮*) দলকে সহজ জয়ে পৌঁছে দেন। ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে জেডন লেনক্স ২টি উইকেট নেন। এছাড়া নাথান স্মিথ ও উইল ও’রউরকে নেন ১টি করে উইকেট।

