ঢাকাThursday , 5 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশে পাকিস্তান, বাবর আজম বাদ! টাইগারদের কি হালকাভাবে নিচ্ছে পাকিস্তান?

RH Riyad
March 5, 2026 7:55 pm
Link Copied!

আর কদিন পরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই সফরের জন্য ঘোষিত দলে বেশ চমক রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৬ নতুন মুখ, যাদের এখনও আন্তর্জাতিক অভিষেকই হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—পাকিস্তান কি বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে?

ঘোষিত দলে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তার মতো বড় তারকা দলে না থাকায় বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। এমনকি সাবেক পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লিখেছেন,
“টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে দলে রাখা অবাক করার মতো ছিল। কিন্তু এখন যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ঘটনা না হয়, তাহলে বিষয়টি মাথায় ঘুরপাক খাচ্ছে। এই অর্থহীন সিদ্ধান্তগুলো কে নিচ্ছে?”

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায়ের পর বাংলাদেশ সিরিজের দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। নতুন যাদের রাখা হয়েছে তারা হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শ্যামল হুসেইন। এই ছয় ক্রিকেটারই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়।

তবে এত নতুন মুখ থাকা মানেই বাংলাদেশকে হালকাভাবে নেওয়া নয় বলে মনে করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কোচ সোহেল ইসলাম। তার মতে, সামনে বড় টুর্নামেন্ট থাকায় পাকিস্তান হয়তো নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে।

তিনি বলেন,
“না, আমি মনে করি না তারা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে। সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে। প্রত্যেক দলই নিজেদের পরিকল্পনা অনুযায়ী নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়। পাকিস্তানেরও হয়তো এমন কোনো পরিকল্পনা আছে।”

এই সিরিজে কে ফেভারিট—এমন প্রশ্নে সোহেল ইসলামের উত্তর, ঘরের মাঠে বাংলাদেশই এগিয়ে।
“হোম কন্ডিশনে আমরা সবসময়ই ভালো দল। আমাদের ছেলেরা এখন মানসিক ও শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। তাই আমার মনে হয় ভালো অবস্থান থেকেই সিরিজ শুরু করব।”

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ায় অনেকেই এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। যদিও দীর্ঘদিন ওয়ানডে না খেলার বিষয়টি কিছুটা চিন্তার কারণ।

সোহেল ইসলাম বলেন,
“হোম কন্ডিশনে আমরা ভালো খেলি। অতীত রেকর্ডও ভালো। যদিও অনেকদিন ওয়ানডে হয়নি, তারপরও আমি বলব এই ফরম্যাটে আমাদের ছেলেরা সবচেয়ে ভালো খেলে। প্রস্তুতি দ্রুত মানিয়ে নিতে পারে। আশা করছি সিরিজে ভালো করবে বাংলাদেশ।”