ঢাকাWednesday , 18 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

সুপার এইটের আশা বাঁচাতে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান

RH Riyad
February 18, 2026 9:56 am
Link Copied!

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা নিশ্চিত করতে আজ (বুধবার) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। সমীকরণ স্পষ্ট—এই ম্যাচ জিতলেই পরের পর্বে উঠে যাবে বাবর আজমের দল, আর হারলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ মিশন। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সুপার এইটে জায়গা পাবে পাকিস্তান।

শক্তি, অভিজ্ঞতা ও র‌্যাঙ্কিং—সব দিক থেকেই নামিবিয়ার তুলনায় এগিয়ে পাকিস্তান। তবে কাগজে–কলমের সেই ব্যবধান মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হবে, সেটিই বড় প্রশ্ন। কারণ এবারের বিশ্বকাপে জয় পেলেও এখনো নিজেদের আসল ছন্দে দেখা যায়নি পাকিস্তানের ব্যাটিং–বোলিং ইউনিটকে।

গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে পাকিস্তানের সমীকরণ সরল—জিতলেই সুপার এইট নিশ্চিত। নির্ধারিত সময়ে কলম্বোতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও পাকিস্তান পৌঁছে যাবে পরের পর্বে, কারণ তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ৫। ভারত ইতিমধ্যে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে, আর গ্রুপের অন্য কোনো দলের পক্ষে ৪-এর বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়।

দুই দলের তুলনায় র‌্যাঙ্কিংয়েও ব্যবধান চোখে পড়ার মতো। টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষ দশে পাকিস্তানের একজন এবং শীর্ষ ২৫-এ তিনজন রয়েছেন। বিপরীতে নামিবিয়ার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী গেরহার্ড এরাসমাস আছেন যৌথভাবে ৪৯তম স্থানে। বোলিংয়েও পাকিস্তানের দুজন আছেন শীর্ষ দশে, যেখানে নামিবিয়ার সেরা বার্নার্ড শলৎজের অবস্থান ৭৯ নম্বরে।

তবে পরিসংখ্যান অনুকূলে থাকলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবই পাকিস্তানের বড় দুশ্চিন্তা। প্রথম দুই ম্যাচ জিতলেও ব্যাটার–বোলাররা নিজেদের সেরাটা দেখাতে পারেননি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হারতে হারতে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারালেও ফিফটি আসে কেবল সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে, আর সর্বোচ্চ ৩ উইকেট নেন অফ স্পিনার উসমান তারিক।

এরপর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ধাক্কায় আত্মবিশ্বাসে চিড় ধরে দলটির। কলম্বোতে ১৭৫ রান তাড়া করতে নেমে ৬১ রানে হারে তারা। সেই ম্যাচের পর থেকেই দলের মনোবল ফেরাতে কাজ করছেন প্রধান কোচ। সেই প্রচেষ্টার ফল কতটা মিলেছে, তার পরীক্ষা হবে আজকের ম্যাচেই।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি

দলের স্পিনার উসমান তারিক বলেন,
“এ অবস্থা থেকে দলের আত্মবিশ্বাস ফেরানো কঠিন তখনই, যখন আপনি আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ না করবেন। আমরা ভুল নিয়ে কাজ করেছি। তাই আমার মনে হয় কাজটা কঠিন হবে না।”