ঢাকাThursday , 23 July 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

শৃঙ্খলা ভঙ্গের দায়ে লিটন ও শেখ মেহেদীকে জরিমানা করল বিসিবি

Rahidul
July 23, 2026 9:06 am
Link Copied!

আচরণবিধি ও শৃঙ্খলা ভঙ্গের পৃথক দুটি অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী হাসানকে আর্থিক জরিমানা করার প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্ত ও শুনানির প্রক্রিয়া শেষে বিসিবির শৃঙ্খলা কমিটি এই শাস্তির সুপারিশ চূড়ান্ত করেছে। এখন ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলেই তাদের জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
জাতীয় দৈনিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘দুই ক্রিকেটারই তাদের ভুল স্বীকার করেছেন। কিন্তু যেহেতু তারা কোড অব কন্ডাক্ট ভেঙেছেন, তাদের কিছু জরিমানা গুনতে হবে। শৃঙ্খলার বিষয়ে এই বোর্ডের অবস্থান খুব পরিষ্কার। যে–ই শৃঙ্খলা ভাঙবেন, তাকেই জবাবদিহি করতে হবে। সেটা খেলোয়াড় হোক, কোচ হোক, বোর্ড কর্মকর্তা এমনকি পরিচালক হলেও।’
বিসিবি অবশ্য জরিমানার সঠিক পরিমাণটি প্রকাশ করেনি। তবে সূত্র জানিয়েছে, লিটন দাসের চেয়ে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জরিমানার অঙ্কের পরিমাণ তুলনামূলকভাবে বেশি ধরা হয়েছে।
যে কারণে শাস্তির মুখে লিটন দাস
সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজের মাঝে চোট নিয়ে দেশে ফেরত আসেন লিটন দাস। পরে চোট সারাতে তাকে সিঙ্গাপুরও যেতে হয়েছে। তবে এর মাঝেই বিসিবিকে কোনো প্রকার তথ্য না জানিয়ে এবং বোর্ডের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া হুট করে চীন সফরে যান লিটন। ক্রিকেটারদের কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলেও দেশের বাইরে যেতে হলে বিসিবির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম না মানায় তাকে ডেকে জবাবদিহি করা হয়।
যে কারণে বড় জরিমানা শেখ মেহেদী হাসানের
অন্যদিকে, শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগটি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নিয়ে মন্তব্য সংক্রান্ত। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে টিম ম্যানেজমেন্টের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার, যা ক্রিকেট মহলে বেশ সাড়া ফেলে দেয়। বিসিবির নিয়ম অনুযায়ী, দলের অভ্যন্তরীণ বা সিলেকশন সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এই দুই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার পর লিটন ও মেহেদীকে আলাদাভাবে ডেকে কথা বলে বিসিবি। দুজনেই শুনানিতে নিজেদের ভুল স্বীকার করায় এখন তাদের আর্থিক জরিমানার খসড়া প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।