ঢাকাSunday , 15 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

বোলিং কারিশমায় পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

RH Riyad
February 15, 2026 11:01 pm
Link Copied!

দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই ধাক্কা খায় ভারত—প্রথম ওভারেই অভিষেক শর্মা ডাক মেরে সাজঘরে ফেরেন। তবে ওপেনার ঈশান কিষাণ তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে পাল্টা জবাব দেন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫২ রান তোলে ভারত। ঈশানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল দলটি। কিন্তু ৪০ বলে ৭৭ রান করে সাইম আইয়ুবের বলে আউট হলে গতি কমে যায় ভারতের ইনিংসের। তিলক ভার্মা (২৫), সূর্যকুমার যাদব (৩২), শুভাম দুবে (২৭) ও রিঙ্কু সিংয়ের ছোট ক্যামিওতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। এছাড়া সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি ও উসমান তারিক নেন একটি করে উইকেট।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তান। ১৩ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। পরে উসমান খান কিছুটা প্রতিরোধ গড়লেও ৩৪ বলে ৪৪ রান করে থামেন। শাদাব খান ১৪ রান করেন, বাকিরা ব্যর্থ হন।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট। কুলদীপ যাদব ও তিলক ভার্মা শিকার করেন একটি করে উইকেট।

৬১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, পরের ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলে পরের রাউন্ডে উঠবে পাকিস্তান।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি