বাংলাদেশ সফরকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।
অকল্যান্ড এসেসের এই পেসার দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলে চোট পান ক্লার্ক। সেই ইনজুরির কারণেই বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না আরেক পেসার বেন সিয়ার্স। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলতে অনাপত্তিপত্র নিয়ে পাকিস্তানে যাচ্ছেন তিনি। একই দলে রয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনও। তবে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন সিয়ার্স।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।
এরপর ২৭ এপ্রিল চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টির পর ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ওই দিনই সিরিজ শেষে বাংলাদেশ ছাড়বে কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড একনজরে
ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

