ঢাকাMonday , 27 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

RH Riyad
April 27, 2026 4:08 pm
Link Copied!

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ১৮২ রানের সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। শুরুতে দ্রুত রান তুললেও শেষ দিকে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইশ ছাড়াতে পারেনি কিউইরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে কাটেনে ক্লার্ক ও টিম রবিনসন যোগ করতে পারেন মাত্র ১১ রান। রানআউট হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন রবিনসন।

এরপর ক্লার্কের সঙ্গে জুটি গড়েন ড্যান ক্লেভার। দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতেই বড় সংগ্রহের ভিত পায় নিউজিল্যান্ড। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে কিউইরা। পাওয়ারপ্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ক্লার্ক ও ক্লেভার। দুজনই তুলে নেন ফিফটি।

দলীয় ৯৯ রানে ২৮ বলে ৫১ রান করে ফিরেন ক্লেভার। এরপর ১১০ রানের মাথায় ৩৭ বলে ৫১ রান করা ক্লার্ককেও ফেরান রিশাদ হোসেন। এরপর বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফটও দ্রুত বিদায় নেন। ২ বলে ১ রান করা জ্যাকবসকে আউট করেন তানজিম হাসান সাকিব। আর ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে ফেরান শেখ মেহেদী হাসান।

চারে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। ২৭ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলে দলীয় ১৬২ রানে শরিফুল ইসলামের শিকার হন তিনি। শেষ দিকে জশ ক্লার্কসন দ্রুত রান তোলার চেষ্টা করলেও বাংলাদেশের বোলাররা রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখেন। শেষ ওভারে রিপন মণ্ডল দেন মাত্র ৬ রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৩ রান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট। শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব নেন ১টি করে উইকেট।