পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। আসন্ন পিএসএল ১১ সামনে রেখে এই নিয়োগকে ফ্র্যাঞ্চাইজিটির প্রস্তুতিতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের ১১তম আসর, যা চলবে ৩ মে পর্যন্ত। এর আগে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম। নিলামের আগেই কোচিং স্টাফ গঠনে ব্যস্ত দলগুলো। সেই ধারাবাহিকতায় নতুন দল সিয়ালকোট তাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে টিম পেইনকে।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পেইন। অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা সিয়ালকোটের মতো নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বড় সম্পদ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিয়ালকোটের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দায়িত্ব নেওয়ার অনুভূতি প্রকাশ করেন টিম পেইন। তিনি বলেন,
“এবারের পিএসএলে সিয়ালকোটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। একেবারে নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে শুরু থেকে কিছু গড়ে তোলাটা বড় একটি চ্যালেঞ্জ—আর এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।”
পাকিস্তান সুপার লিগের মান ও জনপ্রিয়তারও প্রশংসা করেন সাবেক এই অজি অধিনায়ক। পেইনের ভাষায়,
“পিএসএল এমন একটি টুর্নামেন্ট, যেটা আমি কয়েক বছর ধরে অনুসরণ করছি। এখানকার প্রতিভা, ক্রিকেটের মান এবং দর্শকদের আবেগ আমাকে সবসময় মুগ্ধ করেছে। স্ট্যালিয়নসের সঙ্গে কাজ শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
এ সময় ফ্র্যাঞ্চাইজি ও লিগ–সংক্রান্ত কিছু বড় ঘোষণার ইঙ্গিতও দেন পেইন। তিনি বলেন,
“আজ আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখুন। শুধু সিয়ালকোট নয়, পিএসএল থেকেও বড় ঘোষণা আসছে। দারুণ কিছু সামনে অপেক্ষা করছে।”
নতুন ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে টিম পেইনের নিয়োগ পিএসএল ১১-এর আগে লিগে বাড়তি উত্তেজনা যোগ করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

