ঢাকাThursday , 9 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনছে বিসিবি, জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত

RH Riyad
April 9, 2026 2:50 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটি গঠনের পরপরই কার্যক্রম শুরু করেছে জোরেশোরে। ৭ এপ্রিল প্রথম সভা এবং ৮ এপ্রিল দ্বিতীয় সভায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো—ম্যাচের সময় এগিয়ে আনা।

মূলত দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুসরণ করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। নতুন সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, যতটা সম্ভব কম সময় ফ্লাডলাইটের নিচে খেলা আয়োজন করাই বোর্ডের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,
“আরেকটি জরুরি ব্যাপার ছিল, বাংলাদেশ সরকার এখন উৎসাহিত করছে যতটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। জাতি হিসেবে যতটা এখানে সাহায্য করা যায়। এটা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনব। যত কম সম্ভব লাইটের নিচে খেলব।”

তিনি আরও বলেন,
“ওয়ানডে ম্যাচ হয়তো ১১টা/১১:৩০টার দিকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ ২টা/২:৩০টার দিকে শুরু হতে পারে। যেহেতু সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য উৎসাহিত করছে, ফলে আমরা বোর্ড হিসেবে ভেবেছি আমাদেরও আমাদের কাজটা করা উচিত। যদি লাইটের নিচে খেলতেও হয়, যতটা কম খেলা যায়, যেন বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারি।”

এর আগে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিসিবির আগের বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

নতুন অ্যাড-হক কমিটির অন্য সদস্যরা হলেন—ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।

চলতি এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। সিরিজের আনুষ্ঠানিক সূচিতে সময় পরিবর্তনের বিষয়টি এখনই চূড়ান্ত না হলেও, নতুন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচগুলো আগের চেয়ে আগে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।