ঢাকাWednesday , 15 April 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, জানালেন ফিল সিমন্স

RH Riyad
April 15, 2026 7:16 pm
Link Copied!

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার নেই। আইপিএল ও পিএসএলে ব্যস্ততার কারণে কিউইদের ঘোষিত স্কোয়াডকে কেউ ‘বি’ দল, কেউ আবার ‘সি’ দল বলেও কটাক্ষ করছেন। তবে এমন আলোচনা একেবারেই আমলে নিচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সিমন্সের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই দ্বিতীয় সারির নয়। যে দল মাঠে নামে, সেটিই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দলে নিয়মিতই নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, যারা ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক অঙ্গনে আসে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন,
‘আমি মনে করি না এটা ওদের দ্বিতীয় সেরা দল। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ড দল, যেখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। এরা সবাই প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছে, সব ফরম্যাটে। তাই তারা জানে কী করতে হবে, তারা অভিজ্ঞও। জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই দ্বিতীয় সারির দল বা এসব ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু নেই।’

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ নিয়েও সতর্ক বাংলাদেশ কোচ। তার বিশ্বাস, কিউই বোলাররা টাইগার ব্যাটিং লাইনআপের ওপর চাপ তৈরি করতে পারে।

এ বিষয়ে সিমন্স বলেন,
‘সব বোলারেরই ভূমিকা রাখার সুযোগ আছে। নিউজিল্যান্ডের বোলাররা ভারতে ভালো খেলেছে। তাই আমরা ধরেই রাখছি, আমাদের ওপর ওরা চাপ তৈরি করবে। তা নিয়ে আমরা কাজ করব।’

সামনের সিরিজে নিউজিল্যান্ড যেকোনো দিক থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলেও মনে করেন তিনি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে সবদিক বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

সিমন্স বলেন,
‘পাকিস্তানেরও তো কোয়ালিটি পেসার আছে। যেকোনো সিরিজই আপনার জন্য চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড যেকোনোভাবে আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা সব কিছু নিয়েই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের জন্যও প্রস্তুতি নিয়েছিলাম। আমরা স্বাস্থ্যকর প্রতিযোগিতার অপেক্ষা করছি।’

নিউজিল্যান্ড স্কোয়াডে বড় তারকার অনুপস্থিতি নিয়ে বাইরে যত আলোচনাই থাকুক, মাঠের লড়াইকে মোটেও সহজভাবে দেখছে না বাংলাদেশ। বরং প্রতিপক্ষের সামর্থ্যকে যথাযথ গুরুত্ব দিয়েই সিরিজের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।