পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাময়িক বিরতির কথা ভাবছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিনি। টুর্নামেন্ট চলাকালেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
সালমান জানান, সামনে থাকা বড় বৈশ্বিক আসরগুলোতে সেরা ফর্মে পৌঁছাতে তিনি বিভিন্ন ফরম্যাটে নিজের দায়িত্ব ও প্রস্তুতি নতুন করে মূল্যায়ন করছেন। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তিনি এখন থেকেই পরিকল্পনা সাজাতে চান।
এক সংবাদ সম্মেলনে সালমান বলেন,
“অনেক উদ্বেগ রয়েছে। আমি ভাবতেই থাকি যে আমার বিশ্বকাপ ভালো যায়নি, আমার পিএসএল-ও ভালো যাচ্ছে না। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে, এবং যেমনটা বলেছি, আমরা সেদিকেই মনোযোগ দেব। এ বছর আমাদের কোনো টি-টোয়েন্টি নেই; ডিসেম্বর পর্যন্ত কোনো টি-টোয়েন্টি নেই।”
তিনি আরও বলেন, পিএসএল শেষ হওয়ার পর তার মূল মনোযোগ থাকবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে। তবে প্রস্তুতির প্রয়োজন মনে হলে টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিতেও তিনি দ্বিধা করবেন না।
সালমানের ভাষায়,
“এই পিএসএলের পর স্বাভাবিকভাবেই মনোযোগ থাকবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের দিকে। যদি আমার মনে হয় যে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়া উচিত, অথবা যদি আমি সেদিকে মনোযোগ দিতে না চাই, তাহলে আমি অবশ্যই তা করব।”
আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে স্মরণীয় কিছু করতে চান পাকিস্তান অধিনায়ক।
তিনি বলেন,
“৫০ ওভারের বিশ্বকাপ যেকোনো খেলোয়াড়ের জন্যই খুব বিশেষ, এবং এটি আমার জন্যও বিশেষ হবে। যদি আমাকে কিছু করতে হয়, আমি ভালো খেলার জন্যই তা করব।”
সালমান আলী আঘার এমন ভাবনা পাকিস্তান ক্রিকেটে নতুন আলোচনা তৈরি করেছে। টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক হয়েও তিনি ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করেছেন ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নেন কি না।

