বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
পাকিস্তানের মন্ত্রিসভায় বাংলাদেশের প্রতি সমর্থন জানানোর বিষয়ে এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। পোস্টে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী — এজন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান।
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে এবার অংশ নিচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দেশটি জানিয়েছে, ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে তারা মাঠে নামবে না। এতে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কাও তৈরি হয়েছে।
এ বিষয়ে শেহবাজ শরীফ মন্ত্রিসভায় বলেন, তারা বিশ্বকাপ ইস্যুতে স্পষ্ট অবস্থানে রয়েছেন। তার ভাষায়, খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় এবং ভেবেচিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের পাশে দাঁড়ানোকে তিনি যৌক্তিক বলেও উল্লেখ করেন।
পরে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আবারও বলেন, খেলার মাঠে রাজনীতি না রাখার অবস্থান এবং বাংলাদেশের প্রতি সমর্থনকে তিনি উপযুক্ত সিদ্ধান্ত হিসেবে মনে করেন।

