নারী ক্রিকেটে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে সংস্থাটি, যা আগের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা। তুলনায় ২০২৪ আসরে মোট প্রাইজমানি ছিল ৭,৯৫৮,০৭৭ ডলার। এই বৃদ্ধি নারী ক্রিকেটে বাড়তি বিনিয়োগ ও জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রাইজমানির কাঠামোও বেশ আকর্ষণীয়। চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (প্রায় ৩০ কোটি টাকা), আর রানার্স-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (প্রায় ১৫ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে করে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৯ কোটি টাকা)। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১,১৫৪ ডলার (প্রায় ৪০ লাখ টাকা)। অংশগ্রহণকারী ১২টি দলই ন্যূনতম ২,৪৭,৫০০ ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) নিশ্চিতভাবে পাবে।
এবারের আসরের আরেকটি বড় আকর্ষণ দলসংখ্যা বৃদ্ধি। ইতিহাসে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল, যা টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বলেন, “নারী ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে। দলসংখ্যা বৃদ্ধি এবং রেকর্ড প্রাইজমানি আমাদের বৈশ্বিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করার অঙ্গীকারেরই প্রতিফলন।”
তিনি আরও জানান, নারী ক্রিকেটে বিনিয়োগ ও সুযোগ বাড়ার ফলে ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আসন্ন বিশ্বকাপ দর্শকসংখ্যা ও সম্প্রচারের দিক থেকেও নতুন রেকর্ড গড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, টুর্নামেন্টকে ঘিরে আইসিসির ট্রফি ট্যুর ইতোমধ্যে শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি প্রদর্শনের মাধ্যমে এর সূচনা হয়। এরপর ট্রফিটি ইউরোপের বিভিন্ন দেশ—নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর করবে এবং মে মাসজুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল, সাউথ্যাম্পটন ও লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভক্তদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যা টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ আরও বাড়াবে।
আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর।

