ঢাকাThursday , 5 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

হাইস্কোরিং থ্রিলারে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত

RH Riyad
March 5, 2026 11:33 pm
Link Copied!

ম্যাচজুড়ে পেন্ডুলামের মতো দুলেছে ভাগ্য। রোমাঞ্চ, উত্তেজনা আর অনিশ্চয়তায় ভরা হাইস্কোরিং এক সেমিফাইনাল শেষে শেষ হাসি হাসলো ভারত। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের দাপটে গড়ে ওঠে এক রানবন্যা। দুই ইনিংস মিলিয়ে ওঠে ৪৯৯ রান। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভারত।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে ছিলেন অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। যদিও ৭ বলে ৯ রান করে দ্রুতই সাজঘরে ফেরেন অভিষেক।

এরপর স্যামসনের সঙ্গে জুটি বাঁধেন ঈশান কিষাণ। দুজনের দারুণ ব্যাটিংয়ে দ্রুতই রান তুলতে থাকে ভারত। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৬৭ রান তোলে তারা।

পাওয়ারপ্লের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজন। ১৮ বলে ৩৯ রান করে আউট হওয়ার আগে দলের স্কোর ১১৭ রানে নিয়ে যান ঈশান কিষাণ।

দারুণ ফর্মে থাকা সাঞ্জু স্যামসন খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে তুলে নেন ফিফটি। উইকেটের চারপাশে নানা শটে রান তুলতে থাকেন তিনি।

সেঞ্চুরির খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন স্যামসন। তবে শেষ পর্যন্ত ৪২ বলে ৮৯ রান করে আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ঝড়ো সব বাউন্ডারি।

চারে নেমে শিভাম দুবেও ভালো অবদান রাখেন। ২৫ বলে ৪৩ রান করেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৬ বলে ১১ রান।

শেষদিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। তিলক ৭ বলে ২১ এবং হার্দিক ১২ বলে ২৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। একটি উইকেট নেন জফরা আর্চার।

২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ১৩ রানের মাথায় ৫ রান করে আউট হন ফিল সল্ট।

অধিনায়ক হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ৭ রান করে ফেরেন তিনি। জস বাটলার ১৭ বলে ২৫ রান করে বিদায় নেন পাওয়ারপ্লের আগেই।

পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেটে ৬৮ রান তোলে ইংল্যান্ড।

এরপর জ্যাকব বেথেল ও টম ব্যান্টন দলকে এগিয়ে নেন। ব্যান্টন ৫ বলে ১৭ রান করে আউট হলেও বেথেল চালিয়ে যান আগ্রাসী ব্যাটিং।

উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে ৫ম উইকেটে মাত্র ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন বেথেল। জ্যাকস ২০ বলে ৩৫ রান করে আউট হন।

শেষদিকে স্যাম কারানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান বেথেল। বুমরাহর ১৬তম ওভারে আসে ৮ রান। শেষ ৪ ওভারে দরকার ছিল ৬১ রান।

১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বিপক্ষে ১৬ রান নেয় ইংল্যান্ড। তবে বুমরাহর পরের ওভারে আসে মাত্র ৬ রান।

১৯তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরে ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বেথেল। তবুও সেই ওভারে আসে মাত্র ৯ রান। ফলে শেষ ওভারে দরকার পড়ে ৩০ রান।

শেষ ওভারে বল করতে আসেন শিভাম দুবে। প্রথম বলেই রান আউট হন ৪৮ বলে ১০৫ রান করা জ্যাকব বেথেল। সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড।

শেষদিকে জফরা আর্চার ৪ বলে ১৯ রান করলেও জয় পায়নি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ২৪৬ রান তুলতে সক্ষম হয় তারা।

৭ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় ভারত।

ভারতের হয়ে ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জাসপ্রীত বুমরাহ।