পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের বিপক্ষে দারুণ জয়ের পর লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজুর রহমান-কে। তাকে বিশ্বের শীর্ষস্থানীয় বোলারদের একজন বলেও আখ্যায়িত করেন তিনি।
বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর কালান্দার্স তোলে ১৮৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে মুলতান সুলতান্স ১৬৫ রানেই থেমে যায়। ফলে ২০ রানের দারুণ জয় তুলে নেয় লাহোর।
এই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। ৩ ওভারে ৩৭ রান দিলেও তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তার শিকার হন ১৫ বলে ২৪ রান করা সাহিবজাদা ফারহান এবং ১৮ বলে ৪৪ রান করা শান মাসুদ।
ম্যাচ শেষে বোলিং ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে শাহীন বলেন, দলে মুস্তাফিজের পাশাপাশি হারিস রউফও রয়েছে, যারা দুজনই বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম। একই সঙ্গে তিনি সিকান্দার রাজা-র প্রশংসা করে বলেন, তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং দল তার সামর্থ্য কাজে লাগাতে চায়।
উল্লেখ্য, টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। আগামী ৯ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে তারা।

