আন্তর্জাতিক ক্রিকেটে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে সবার জন্য সমান মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তার মতে, সাম্প্রতিক সময়ে আইসিসি ও প্রভাবশালী কিছু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দ্বৈত মানদণ্ডের ছাপ দেখা যাচ্ছে, যা বিশ্ব ক্রিকেটের ভারসাম্য ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।
স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে নাসের হুসেইন বলেন,
“কোনো দল যদি দেরিতে এসে বলে, তারা সফর করবে না—এই জায়গায় আইসিসির প্রতিও আমার কিছুটা সহানুভূতি আছে। তবে প্রকৃত তুলনাটা কী হওয়া উচিত এবং সঠিক সিদ্ধান্ত কী—সেটার উত্তর কেবল আইসিসিই দিতে পারে।”
তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক নীতিমালার গুরুত্ব তুলে ধরে বলেন, সকল বোর্ড, খেলোয়াড় ও ক্রিকেট পরিচালনা সংস্থার উচিত এমন সিদ্ধান্ত নেওয়া, যা বিশ্ব ক্রিকেটকে স্থিতিশীল, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত রাখে।
আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাসের। তিনি বলেন,
“ভবিষ্যতে যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে জানায় যে তাদের সরকার চায় না তারা নির্দিষ্ট কোনো দেশে খেলতে যাক, তখন কি আইসিসি একইভাবে কঠোর থাকবে? তারা কি বলবে, নিয়ম তো আগেই জানো—দুঃখিত, তোমাদের বাদ দেওয়া হচ্ছে? আসলে সবাই একটাই জিনিস চায়—সামঞ্জস্য ও ধারাবাহিকতা।”
সাম্প্রতিক সংকটের সূত্রপাত প্রসঙ্গে নাসের হুসেইন মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুর কথাও উল্লেখ করেন। তার ভাষায়,
“মুস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতার স্কোয়াডে ছিল। হঠাৎ করেই বিসিসিআই ঘোষণা করল, বাংলাদেশ ও ভারতের চলমান পরিস্থিতির কারণে তাকে সেই স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হবে। ওই একটি সিদ্ধান্ত থেকেই পুরো পরিস্থিতি তুষারের বলের মতো বড় হতে থাকে। ছোট একটি সিদ্ধান্ত কীভাবে ক্রীড়াঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে, সেটাই আমরা এখন দেখছি।”
তিনি আরও সতর্ক করে বলেন, মাঠের ভেতরের আচরণেও এর প্রভাব পড়ছে। হ্যান্ডশেক না করা, ট্রফি না নেওয়া কিংবা ম্যাচ বর্জনের মতো ঘটনাগুলো শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত থেকেই এমন পরিস্থিতির জন্ম হচ্ছে।
নাসের হুসেইনের আশা, ভবিষ্যতে আইসিসি ও ক্রিকেট প্রশাসন এমন নীতি গ্রহণ করবে, যা সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায়সঙ্গত ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করবে।

