কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সহজ হবে না বলে সতর্ক করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটার অবসান হওয়ায় স্বস্তিতে ভারত শিবির। তবে মাঠের লড়াই যে কঠিনই হবে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলেন টেন ডেসকাটে। এর এক দিন আগে পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের সিদ্ধান্ত তুলে নেয়। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তার মতে, অনিশ্চয়তা থাকলেও ভারতের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।
তিনি বলেন, “সবার আগে ভালো লাগছে যে ম্যাচটা আবার হচ্ছে। আমরা কখনোই ভাবিনি ম্যাচটা হবে না। আমাদের প্রস্তুতিও সেভাবেই চলছিল। আমরা ধরেই নিয়েছিলাম, শেষ পর্যন্ত সমাধান হবে এবং আমরা খেলব। তাই প্রস্তুতির দিক থেকে কিছুই বদলায়নি।”
ভারতের এই সহকারী কোচ আরও জানান, খবরটি একটু দেরিতে নিশ্চিত হয়েছে। তিনি বলেন, “গতকাল রাত আর আজ সকালে নিশ্চিত খবরটা আসে। আমরা খুশি যে টুর্নামেন্টের প্রথম ধাপেই পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি।”
কলম্বো ভেন্যু নিয়ে আলাদা করে কথা বলেন টেন ডেসকাটে। পাকিস্তান দল প্রায় দুই সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছে—যেটিকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
তার ভাষায়, “আমরা রাজনীতি বা দুই দেশের সম্পর্কের বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই। আমাদের কাজ শুধু ক্রিকেটে ফোকাস করা। কলম্বোতে গিয়ে খেলাটা চ্যালেঞ্জিং হবে, কারণ পাকিস্তান সেখানে অনেক দিন ধরেই আছে। তবে আমরা চেষ্টা করব সেরা ক্রিকেট খেলতে।”
গ্রুপ পর্বে পাকিস্তান তাদের প্রথম দুই ম্যাচ খেলেছে সিংহলিজ স্পোর্টস ক্লাবে এবং দুটিতেই জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান ১০ ফেব্রুয়ারির ম্যাচের পর চার দিনের বিরতি পেয়েছে, আর ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নামবে।
অন্যদিকে ভারতের সূচি তুলনামূলক কঠিন। ১৩ ফেব্রুয়ারি তারা দিল্লি থেকে কলম্বো যাবে। তার আগে দিল্লিতেই নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে হবে সূর্যকুমারের দলকে।
তবে পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। ২০২২ সালের অক্টোবরের পর থেকে সাম্প্রতিক পাঁচ দেখায় প্রতিবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবুও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ ও উত্তেজনা—সেই বাস্তবতা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

