ঢাকাSaturday , 14 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ওমানকে বিদায় করে আয়ারল্যান্ডের রাজকীয় জয়

RH Riyad
February 14, 2026 4:10 pm
Link Copied!

দারুণ এক জয়ে ওমানকে বিদায় করে দিয়েছে আয়ারল্যান্ড। একই সঙ্গে এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ও তুলে নিয়েছে আইরিশরা। গ্রুপ পর্বের ম্যাচে ওমানকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। শুরুতেই ধাক্কা খায় আইরিশরা। ওপেনার টিম টেক্টর ৪ বলে ৫ রান করে বিদায় নেন। এরপর রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৪৭ রান ছিল আয়ারল্যান্ডের।

 

পরে লরকান টাকার ও গ্যারেথ ডিলানির জুটিতে ঘুরে দাঁড়ায় দল। দুজনই আগ্রাসী ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়ান। ডিলানি ৩০ বলে ৫৮ রান করে বিদায় নেন, আর টাকার খেলেন দুর্দান্ত ইনিংস। শেষ দিকে জর্জ ডকরেলের সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন টাকার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রান তোলে আয়ারল্যান্ড। ওমানের হয়ে ৩ উইকেট নেন শাকীল আহমেদ।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ওমান। আমির কালীম ও হাম্মাদ মির্জা কিছুটা লড়াইয়ের আভাস দেন। আমির ২৯ বলে ৫০ রান এবং হাম্মাদ ৩৭ বলে ৪৬ রান করেন। তবে তাদের বিদায়ের পর আর প্রতিরোধ গড়তে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ওমান।

আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল ৩টি উইকেট নেন। ব্যারি ম্যাককার্থি ও ম্যাথু হামফ্রেস নেন ২টি করে উইকেট, আর একটি উইকেট পান জর্জ ডকরেল।

এই জয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পায় আয়ারল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় ওমানের।

আরও পড়ুনঃ  লিটনের ইনজুরি ইস্যুতে নির্বাচক ও মেডিকেল বিভাগকে শোকজ, কঠোর অবস্থানে বিসিবি