টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ভারতীয় ওপেনার অভিষেক শর্মার নাম দেখছিলেন অনেকেই। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির তাকে পূর্ণাঙ্গ ব্যাটার হিসেবে দেখতে নারাজ। তার মতে, অভিষেক মূলত একজন স্লগার, যার টেকনিকে ঘাটতি রয়েছে।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য ইতোমধ্যেই বেশ খ্যাতি পেয়েছেন অভিষেক। ওপেনিংয়ে ভারতের বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। তার ব্যাটে দ্রুত সূচনা এলে ম্যাচে ভারতের অবস্থান মজবুত হয়ে যায়, আবার তিনি ব্যর্থ হলে বড় সংগ্রহ গড়া কঠিন হয়ে পড়ে দলের জন্য। সেই কারণেই বিশ্বকাপেও তাকে সম্ভাব্য সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ভাবছিলেন অনেক বিশ্লেষক।

সম্প্রতি পাকিস্তানের এক টক শোতে আমির বলেন, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার শুধুই একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং চায় বল তার পছন্দের জোনে আসুক। যখন দেখব মুভমেন্ট বা সুইং থাকা বল ভালোভাবে সামলাতে পারছে, তখনই তাকে প্রকৃত ব্যাটার হিসেবে মানব।’
তবে বিশ্বকাপ চলাকালে পেটের সংক্রমণে ভুগেছেন অভিষেক। হাসপাতালে ভর্তি হওয়ায় কয়েকটি ম্যাচ থেকেও ছিটকে পড়েন তিনি। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, অভিষেক পুরোপুরি ফিট নন এবং সুস্থ হতে আরও এক-দুটি ম্যাচ সময় লাগতে পারে।
অন্যদিকে সতীর্থ বরুণ চক্রবর্তী ম্যাচ শেষে জানান, অভিষেক সুস্থতার পথে আছেন এবং অনুশীলনও শুরু করেছেন। তার ভাষ্য, অভিষেক দ্রুতই দলে ফিরতে প্রস্তুত।
বর্তমানে কলম্বোতে দলের সঙ্গেই রয়েছেন এই ওপেনার। ১৫ ফেব্রুয়ারি সেখানে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ, আর সেই ম্যাচেই তার ফেরার সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা।

