আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। তবে জয় দিয়ে শুরু করলেও বড় ধাক্কা খেয়েছে দলটি। হ্যামস্ট্রিংয়ের চোটে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হাসারাঙ্গা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। বোলিং করার সময়ই চোট পান তিনি, পরে তার এমআরআই স্ক্যান করানো হয়।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, স্ক্যান রিপোর্ট ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞকে দেখানো হলে জানা যায় তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। গুরুতর এই চোটের কারণে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং ফলে চলমান বিশ্বকাপের বাকি অংশে খেলা হচ্ছে না হাসারাঙ্গার। এতে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা শিবির।
হাসারাঙ্গার বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন লেগ স্পিনার দুশান হেমন্থ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হেমন্থ বোলিংয়ে দক্ষ হলেও হাসারাঙ্গার মতো ব্যাটিং সক্ষমতা নেই তার। এর আগে কাঁধের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার ইশান মালিঙ্গা, তার জায়গায় সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান।

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে পাল্লেকেলেতে। একই মাঠে ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

