ঢাকাSunday , 8 March 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

৯৬ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

RH Riyad
March 8, 2026 11:52 pm
Link Copied!

৯৬ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ঘরের মাঠে শিরোপা জয়ের পাশাপাশি একসঙ্গে তিনটি বড় রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া—ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা, টানা দুইবার শিরোপা জয় এবং সর্বোচ্চ তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটি জমজমাট হওয়ার প্রত্যাশা থাকলেও ম্যাচটি শেষ পর্যন্ত একপেশেই হয়ে যায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের তোলা ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড থেমে যায় ১৫৯ রানে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। কিউই বোলারদের ওপর যেন স্টিমরোলার চালান এই দুই ব্যাটার।

পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত। পাওয়ারপ্লের শেষেই বিদায় নেন অভিষেক শর্মা। তিনি মাত্র ১৮ বলে ফিফটি হাঁকিয়ে এবারের বিশ্বকাপের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ২১ বলে ৫২ রান করে আউট হন তিনি।

অভিষেকের বিদায়ের পর স্যামসনের সঙ্গে যোগ দেন ঈশান কিষাণ। এই জুটি কিউই বোলারদের ওপর দাপট অব্যাহত রাখেন। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন দুজনই।

স্যামসন খেলেন ৪৬ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস। অন্যদিকে ঈশান কিষাণ করেন ২৫ বলে ৫৪ রান। একই ওভারে দুজনের বিদায়ে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।

শেষদিকে শিভাম দুবে ৮ বলে অপরাজিত ২৬ রান করেন। তিলক ভার্মা করেন ৬ বলে ৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম নেন ৩ উইকেট। রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি নেন একটি করে উইকেট।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন মাত্র ৭ বলে ৯ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে ফিরে যান তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি

টিম সেইফার্ট একপ্রান্তে লড়াই চালিয়ে যান। ২৬ বলে ৫২ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় জুটি গড়ে ওঠেনি।

রাচিন রবীন্দ্র করেন ১ রান, গ্লেন ফিলিপস ৫ রান এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করে আউট হন।

শেষদিকে ড্যারিল মিচেল ১৭ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রীত বুমরাহ। তিনি ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

শেষ পর্যন্ত ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত।