দীর্ঘদিনের অপেক্ষা, চিন্তা আর নানা হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। একইসঙ্গে নিশ্চিত হয়েছে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারও খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। এই লড়াইয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। এরপর র্যাংকিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশেরও সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে থাকা শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগে থেকেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা আবার র্যাংকিংয়ের শীর্ষ আটের মধ্যেও রয়েছে। ফলে র্যাংকিংয়ের শীর্ষ নয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর র্যাংকিংয়ের হিসাব আরও পরিষ্কার হয়ে যায়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর হিসাব অনুযায়ী, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ। তবে ওই দুই ম্যাচ জিতলেও র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কোনো সুযোগ নেই ক্যারিবীয়দের।
ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও ওয়েস্ট ইন্ডিজকে এবারও খেলতে হবে বাছাইপর্ব। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বাংলাদেশের জন্য এটি বড় স্বস্তির খবর। বাছাইপর্বের কঠিন লড়াই এড়িয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে টাইগাররা।

