কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে আসর শুরু করেছে শ্রীলঙ্কা। জমজমাট লড়াই হলেও শেষ হাসি হেসেছে লঙ্কানরাই।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার জুটি থেকে আসে ২৮ রান। ১১ বলে ১৪ রান করে ফিরে যান মিশারা। পরে নিসাঙ্কার সঙ্গে ইনিংস সামলান কুশল মেন্ডিস। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫০ রান তোলে শ্রীলঙ্কা।

২৩ বলে ২৪ রান করে আউট হন নিসাঙ্কা। এরপর পাভান রাথনায়েকে (৫) ও দুনিথ ভেল্লালাগে (১০) ব্যর্থ হন। তবে কুশল মেন্ডিসের সঙ্গে জুটি গড়ে ইনিংসে গতি আনেন কামিন্দু মেন্ডিস। আগ্রাসী ব্যাটিংয়ে ১৯ বলে ৪৪ রান করে বিদায় নেন তিনি। পরের বলেই গোল্ডেন ডাক মারেন অধিনায়ক দাসুন শানাকা।
শেষ ওভারে ফিফটি ছুঁয়ে ৪৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ও ব্যারি ম্যাককার্থি নেন ২টি করে উইকেট।
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক শুরু করে আয়ারল্যান্ড। পল স্টার্লিং দ্রুত আউট হলেও রস অ্যাডায়ার (৩৪) ও হ্যারি টেক্টর ইনিংস সামলান। পরে টেক্টর (৪০) ও লরকান টাকার (২১) ভালো জুটি গড়ে আশা জাগান।

তবে নিয়মিত উইকেট হারিয়ে চাপ বাড়ে আইরিশদের ওপর। কার্টিস ক্যাম্ফারের ১৩ রানের লড়াইও কাজে আসেনি। শেষ পর্যন্ত ১৪৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট। মাথিশা পাথিরানা পান ২টি। ফলে ২০ রানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে লঙ্কানরা।

