ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে ঘিরে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান, তবে এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান দল। সেখানে যাওয়ার আগেই গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার কথা জানায় পাকিস্তান সরকার। সিদ্ধান্তটি নিয়ে এখনো সরগরম ক্রিকেট বিশ্ব, এবং অনেকেই মনে করছেন শেষ মুহূর্তে পাকিস্তান অবস্থান বদলাতে পারে।
শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থান কিছুটা নমনীয় মনে হলেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পরিস্থিতি এখন কঠোর রূপ নিচ্ছে। তাদের দাবি অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচটি না খেললে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে—এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে আইসিসি।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসি চাইলে পাকিস্তানের প্রাপ্য বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে এবং সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে সম্ভাব্য এসব শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের আগে চেয়ারম্যান মহসিন নাকভি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলেও জানিয়েছে বোর্ড।

