ফেভারিট মানতে নারাজ রাবাদা, টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘উন্মুক্ত’ বলছেন প্রোটিয়া পেসার
কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ শুরুর আগে অংশ নেওয়া দলগুলো নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে কোনো দলকেই এগিয়ে রাখতে রাজি নন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। তার মতে, এবারের আসর সবার জন্যই উন্মুক্ত।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। শ্রীলঙ্কার পাশাপাশি এবারের বিশ্বকাপের আয়োজকও ভারত। নিজেদের কন্ডিশন ও সাম্প্রতিক ফর্মের কারণে অনেকেই ভারতকে ফেভারিট হিসেবে দেখছেন।
তবে রাবাদার মত ভিন্ন। তিনি বলেন,
“এই টুর্নামেন্টে কাউকে ফেভারিট বলা কঠিন। আমার মনে হয় শিরোপার দাবিদার সবাই। যে কেউ জিততে পারে। আমরা অবশ্যই সেই সুযোগ নিতে চাই। ভারতীয় দলে কী চলছে তা আমি নিশ্চিত নই, তবে এই বিশ্বকাপ পুরোপুরি উন্মুক্ত।”

এদিকে অনেকেই মনে করছেন এবারের বিশ্বকাপে হতে পারে রানের বন্যা। তবে ভারতের ছোট মাঠ থাকা সত্ত্বেও সব ম্যাচ যে হাই-স্কোরিং হবে না, এমনটাই মনে করেন রাবাদা।
তার ভাষায়,
“ভারতে ছোট মাঠ আছে, শিশির পড়লে ব্যাটিং সহজ হয়ে যায়। কিন্তু আইসিসি টুর্নামেন্টে সব ম্যাচ হাই-স্কোরিং হয় না। কিছু ভেন্যুতে রান বেশি হবে, আবার কিছু উইকেটে বোলারদের জন্যও সাহায্য থাকবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে একই গ্রুপে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। সোমবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রোটিয়ারা।

