ঢাকাThursday , 25 June 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সেমিফাইনালের স্বপ্ন দেখছেন সোবহানা মোস্তারী

RH Riyad
June 25, 2026 10:00 am
Link Copied!

নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মরণীয় দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ দুটি জয়ের রেকর্ডও গড়েছেন টাইগ্রেসরা। এবার সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ—ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। কঠিন এই সমীকরণ সম্পর্কে জানলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারী।

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোস্তারী বলেন, “আমরা আগের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে সেভাবে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে উন্নতির জন্য কাজ করছি। বোলাররা ভালো করছে। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ভারত ম্যাচকে সামনে রেখে আমরা পরিকল্পনা করছি।”

ভারতের বিপক্ষে প্রস্তুতির বিষয়ে তিনি জানান, দলের ক্রিকেটাররা নিয়মিত ভিডিও বিশ্লেষণ করছেন। ভারতের ওপেনারদের ব্যাটিং এবং বোলারদের কৌশল নিয়ে বিস্তারিত কাজ করা হচ্ছে।

মোস্তারী বলেন, “আমরা অনেক ভিডিও দেখছি। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বিশ্লেষণ করেছি। ওপেনাররা কীভাবে রান করছে এবং বোলাররা কী ধরনের বল করছে, সেসব নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”

বাংলাদেশ ইতোমধ্যে দুটি ম্যাচ জিতেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জানি সামনে খুব কঠিন দুটি ম্যাচ। তবে যদি পরের দুটি ম্যাচও জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

ব্যাটিং বিভাগ নিয়ে উদ্বেগের কথাও স্বীকার করেছেন মোস্তারী। তার মতে, ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে দল আরও ভালো ক্রিকেট খেলতে পারবে।

তিনি বলেন, “এখানকার কন্ডিশন আমাদের দেশের থেকে অনেক আলাদা। তাই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যাটিংটা ভালো করতে পারলে দল আরও শক্ত অবস্থানে যেতে পারবে। বোলাররা ইতোমধ্যে প্রমাণ করেছে তারা কী করতে সক্ষম।”

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতাও কাজে দিচ্ছে বলে জানান এই ব্যাটার। তার মতে, ওই সিরিজের আবহাওয়া ও উইকেট ইংল্যান্ডের সঙ্গে অনেকটাই মিল থাকায় দল দ্রুত মানিয়ে নিতে পেরেছে।

এদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেরও প্রশংসা করেছেন মোস্তারী। তিনি বলেন, “জ্যোতি অনেক বছর ধরে অধিনায়কত্ব করছে। দলের সবাইকে ভালোভাবে বোঝে। আগের ম্যাচে তার বোলিং পরিবর্তন এবং নেতৃত্ব ছিল অসাধারণ।”

উল্লেখ্য, ২৫ জুন ভারত নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।