আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের। তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মূলত ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সফর এক বছর পিছিয়ে দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফের অনিশ্চয়তার মুখে পড়েছে সিরিজটি। বাংলাদেশ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে ঘিরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও পড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, সিরিজ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) বাংলাদেশ সফরের বিষয়ে নিজেদের সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, বাংলাদেশ সফর নিয়ে বোর্ড কাজ করছে এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও বিষয়টি পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ সফরের বিষয়ে এই মুহূর্তে বোর্ড এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বিষয়টি নিয়ে শিগগিরই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে বিসিবি তাদের কাছে চিঠি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
ফলে নির্ধারিত সময়ে ভারত-বাংলাদেশের সাদা বলের সিরিজ মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়। দুই দেশের সরকারের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সিরিজটির ভবিষ্যৎ।
উল্লেখ্য, বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

