বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে তাদের ম্যাচ খেলতে রাজি করাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ বিষয়ে রোববার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে অনুষ্ঠিত ওই বৈঠকে আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের পরিচালক মুবাশির উসমানি অনলাইনে যুক্ত হন। সভায় অংশ নিতে পাকিস্তানে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি, পিসিবি ও বিসিবি প্রতিনিধিদের দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো হয়েছে। তার অনুমোদনের পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। দিনশেষে আইসিসি বা পিসিবির পক্ষ থেকে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে আলোচনায় পিসিবি ও বিসিবি কয়েকটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে অন্যতম ছিল ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব। পাকিস্তান শুধু নিজেদের জন্য নয়, বাংলাদেশের ক্ষেত্রেও ভারত–বাংলাদেশ–পাকিস্তান ত্রিপক্ষীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে।
এ ছাড়া দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় শুরু করার দাবিও তোলা হয়েছে। তবে আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের নিশ্চয়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ওপর নির্ভরশীল।
আইসিসি শুরু থেকেই রাজনৈতিক চাপের পরিবর্তে সংলাপ ও প্রক্রিয়াভিত্তিক সমাধানে গুরুত্ব দিয়েছে। পাকিস্তানের কিছু গণমাধ্যম ও বিশেষজ্ঞ পক্ষপাতের অভিযোগ তুললেও বাস্তবে সংস্থাটি সহযোগিতামূলক অবস্থান রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির সমাধান হলে শেষ পর্যন্ত ক্রিকেটই উপকৃত হবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

