আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের ঝড়ো ইনিংস ও শাদাব খানের শেষদিকের ক্যামিওতে বড় সংগ্রহ গড়ে জয়ের ভিত পায় দলটি।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ১৯ রান করে সাইম আউট হলে একই ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান আলী আঘাও।

পাওয়ার প্লেতে ৫৬ রান তোলে পাকিস্তান। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন ফারহান। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেওয়ার পর হারমীত সিংয়ের এক ওভারে দুজনে মিলে তোলেন ২১ রান। ৫২ বলে ৮১ রানের জুটি ভাঙে বাবরের বিদায়ে; ৩২ বলে ৪৬ রান করেন তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন ফারহানও—৪১ বলে ছয় চার ও পাঁচ ছক্কায় করেন ৭৩ রান।
শেষদিকে দ্রুত উইকেট পড়লেও শাদাব খানের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে তারা। যুক্তরাষ্ট্রের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন শ্যাডলি ভ্যান শাল্কউইক।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। আন্দ্রেস গুস ও শায়ান জাহাঙ্গীরের জুটিতে আসে ৪২ রান। ১৩ রান করা গুসকে ফেরান মোহাম্মদ নওয়াজ। এরপর মোনাঙ্ক প্যাটেল মাত্র ৩ রান করে শাদাবের শিকার হন।

শায়ান জাহাঙ্গীর ৩৪ বলে ৪৯ রান করে আউট হলে শুবম রঞ্জনে ও মিলিন্দ কুমার লড়াই চালিয়ে যান। মিলিন্দ ২৯ রান করেন, আর সঞ্জয় কৃষ্ণমূর্তি আবরার আহমেদের বলে শূন্য রানেই বিদায় নেন।
শেষদিকে চার-ছক্কায় ঝড় তুলে লড়াই চালান শুবম রঞ্জনে। ৩০ বলে ৫১ রানের ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৮ রানে থামে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে উসমান তারিক ২৭ রানে ৩ উইকেট এবং শাদাব খান নেন ২ উইকেট।
এর ফলে ৩২ রানের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল পাকিস্তান।

