পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে খেলছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না তাদের। প্রাথমিকভাবে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হলেও একদিনের জন্য সেই মেয়াদ বাড়ানো হয়েছে দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামের।
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলমান পিএসএলে অংশ নেওয়ার জন্য জাতীয় দলের এই দুই পেসারকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেটের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। বিসিবি জানায়, পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে মূলত ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৈধ এনওসি দেওয়া হয়েছিল। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পেশোয়ার জালমির হয়ে ১৩ এপ্রিলের নির্ধারিত ম্যাচ খেলতে পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন তারা।
আগামীকাল (১৩ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবেন দুই টাইগার পেসার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য ১৪ এপ্রিল দেশে ফিরবেন তারা।
পিএসএলের এবারের আসরে দল পাওয়া ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলেছেন লাহোর কালান্দার্সে। তবে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমির হয়ে সুযোগ পেয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
তবে এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তানজিদের। আর রিশাদ হোসেন খেলেছেন রাওয়ালপিন্ডি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ দুটিকে সামনে রেখেই ধীরে ধীরে জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

