ঢাকাFriday , 6 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়: স্মিথ ঝড়, ১৮ কোটি রুপিতে চুক্তি!

Desk News
February 6, 2026 9:27 am
Link Copied!

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। এর আগে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে বড় চমক দেখিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে শিয়ালকোট। জানা গেছে, স্মিথের জন্য প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি ব্যয় করছে তারা, যা পিএসএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

এই চুক্তির ফলে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন স্মিথ। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবরের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ কোটি পাকিস্তানি রুপি।

এবার পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় পুরোনো দলগুলোর রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। প্রতিটি দল চারটি ভিন্ন ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। যদিও প্লাটিনাম ক্যাটাগরিতে পারিশ্রমিক ৭ কোটি রুপি ঘোষণা করা হয়েছে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—কয়েকজন ক্রিকেটার এর চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্টিভেন স্মিথ সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে ছিলেন দুর্দান্ত ফর্মে। পুরো আসরে তিনি ২৯৯ রান করেন প্রায় ৬০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে। তার ইনিংসে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক। কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে ওপেনিং করতেও দেখা গেছে তাকে।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আট দলের মধ্যে সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি। পাশাপাশি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,

“সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।”