নিউইয়র্কে এক ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, খুব শিগগিরই দেশে ফিরতে চান তিনি। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা এই ক্রিকেটার বলেছেন, ইনশাআল্লাহ দ্রুতই বাংলাদেশে আসবেন।
দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। কানপুর টেস্টের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের। সেই সরকারের সময় মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি তিনি। পরবর্তীতে তার নামে একাধিক মামলাও দায়ের করা হয়, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।
তবে সম্প্রতি সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র গ্রহণ করে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন সরকারও ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আগ্রহী। তবে শর্ত হিসেবে আগে তাকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে হবে। সেই প্রক্রিয়াই বর্তমানে চলমান রয়েছে।
এর মধ্যেই নিউইয়র্কের এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, “বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত। ইনশাআল্লাহ বাংলাদেশে দেখতে পাবেন।”
এদিকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিবকে দলে নেওয়ার কথা বিসিবির পক্ষ থেকে ভাবা হলেও শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর বাস্তবায়ন হয়নি।

