আইরিশদের এলোমেলো বোলিং ও ফিল্ডিংয়ের পুরো ফায়দা লুটেছেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। তাদের ব্যাটিং দৃঢ়তায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার জুটিতে আসে ২৮ রান। ১১ বলে ১৪ রান করে বিদায় নেন মিশারা। এরপর তিন নম্বরে নেমে নিসাঙ্কার সঙ্গে ইনিংস সামাল দেন কুশল মেন্ডিস। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে লঙ্কানরা।
দলের ৬২ রানের মাথায় ২৩ বলে ২৪ রান করে আউট হন নিসাঙ্কা। চারে নামা পাভান রাথনায়েকে ৯ বলে ৫ রান করে ফিরে যান। পাঁচে নামানো দুনিথ ভেল্লালাগেও সুবিধা করতে পারেননি, ১৩ বলে করেন ১০ রান।
এরপর কুশল মেন্ডিসের সঙ্গে যোগ দেন কামিন্দু মেন্ডিস। দুজনের কৌশলী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে গতি পায় লঙ্কানদের ইনিংস। কামিন্দু একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন, অন্যদিকে কুশল ইনিংস ধরে রেখে দলের স্কোর এগিয়ে নেন লড়াকু পুঁজির দিকে।
১৯ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের ১৫৩ রানে আউট হন কামিন্দু। পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন অধিনায়ক দাসুন শানাকা। এক প্রান্তে টিকে থাকা কুশল শেষ ওভারে ফিফটি পূর্ণ করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা; কুশল মেন্ডিস অপরাজিত থাকেন ৪৩ বলে ৫৬ রানে।
আয়ারল্যান্ডের হয়ে জর্জ ডকরেল ও ব্যারি ম্যাককার্থি দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন গ্যারেথ ডিলানি ও মার্ক অ্যাডায়ার।

