পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন ইতিহাস গড়লেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। আসন্ন আসরে তিনি ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন, আর তাকে সরাসরি দলে নিয়েছে পেশোয়ার জালমি।
এর আগে একই দলে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা (নিলাম থেকে) এবং শরিফুল ইসলাম (সরাসরি চুক্তিতে)। ফলে পেশোয়ার জালমিতে এখন শক্তিশালী বাংলাদেশি উপস্থিতি তৈরি হয়েছে।
তানজিদের এই সুযোগটা অনেকটাই প্রত্যাশিত ছিল। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি—একটি সেঞ্চুরি ও একটি ফিফটির ইনিংস খেলে হন সিরিজ সেরা। তার এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পিএসএলের দলগুলো তাকে দলে নিতে আগ্রহী হবে। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল।
এদিকে, পিএসএলের আসন্ন আসরে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন লাহোর কালান্দার্স-এ। একই ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে নিয়েছে পারভেজ হোসেন ইমন-কে। আর লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ-এ।
পিএসএলের ১১তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের আসরটি তাই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে।

