ঢাকাSunday , 8 February 2026
  1. আইপিএল
  2. আন্তর্জাতিক
  3. খবর
  4. ছবি
  5. পিএসএল
  6. বাংলাদেশ
  7. বিপিএল
  8. বিশ্বকাপ
  9. ভিডিও
আজকের সর্বশেষ খবর

কারানের শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়

Rahidul Hasan Riyad
February 8, 2026 8:03 pm
Link Copied!

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় একেবারে শেষ ওভারে, যেখানে দুর্দান্ত বোলিং করে মাত্র ৫ রান দেন স্যাম কারান। ১০ রানের সমীকরণ মেলাতে না পেরে হার মানে নেপাল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিংয়ে ফিল সল্ট দ্রুত বিদায় নিলেও জস বাটলার ও জ্যাকব বেথেলের জুটিতে গতি পায় ইনিংস। বাটলার ১৭ বলে ২৬ রান করে ফিরলেও বেথেল এক প্রান্ত আগলে রেখে খেলেন দারুণ ইনিংস। ৬ ওভারে ২ উইকেটে ৫৭ রান তোলে ইংল্যান্ড।

পাওয়ারপ্লের পর টম ব্যান্টন দ্রুত আউট হলেও অধিনায়ক হ্যারি ব্রুককে নিয়ে এগিয়ে যান বেথেল। ৩৫ বলে ৫৫ রান করে থামেন তিনি। পরে ব্রুক ৩২ বলে ৫৩ রান করেন। শেষদিকে উইল জ্যাকসের ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে ইংল্যান্ড।

নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরে ও নন্দন যাদব ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে কুশল ভুরটেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় নেপাল। তিনি ১৭ বলে ২৯ রান করেন। এরপর অধিনায়ক রোহিত পাউডেল (৩৪ বলে ৩৯) ও দীপেন্দ্র আইরের (২৯ বলে ৪৪) জুটিতে লড়াইয়ে থাকে দলটি। শেষদিকে লোকেশ বামের ঝড়ো ব্যাটিং ম্যাচ জমিয়ে তোলে।

শেষ ২ ওভারে দরকার ছিল ২৪ রান। ১৯তম ওভারে আসে ১৪ রান, ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১০ রান। কিন্তু কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসে মাত্র ৫ রান। শেষ বলে ৬ দরকার হলেও ১ রান নিতে পারে নেপাল। তাতে ৪ রানের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে লিয়াম ডওসন নেন ২ উইকেট। এছাড়া উইল জ্যাকস, স্যাম কারান, জফরা আর্চার ও লুক উড নেন একটি করে উইকেট।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা, থাকছে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি