আইপিএলে এক ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলকও।
গতকাল (১২ এপ্রিল) ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের হয়ে ৩৭ বলে ১১টি চার মেরে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন বাটলার। তার এই ইনিংসেই আসে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম ফিফটি। এর মাধ্যমে এই ফরম্যাটে ১০০ বা তার বেশি ফিফটি করা তৃতীয় ব্যাটার হলেন তিনি।
এই তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, যার ফিফটি ১১৬টি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি, তার ফিফটি ১০৭টি। বাটলারের পরই আছেন পাকিস্তানের বাবর আজম, যার ফিফটির সংখ্যা ৯৯।
শুধু ফিফটির রেকর্ডই নয়, এই ৬০ রানের ইনিংস খেলতে গিয়েই টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন বাটলার। ইংল্যান্ডের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ১৪ হাজার রানে পৌঁছাতে বাটলারের লেগেছে ৪৬৮ ইনিংস।
সবচেয়ে কম ইনিংসে ১৪ হাজার রানে পৌঁছানোর তালিকায় বাটলারের অবস্থান তৃতীয়। তার আগে আছেন শুধু ক্রিস গেইল (৪২৩ ইনিংস) এবং ডেভিড ওয়ার্নার (৪৩১ ইনিংস)। এছাড়া অ্যালেক্স হেলস ৫০৫ ইনিংসে এবং কাইরন পোলার্ড ৬৩৩ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচের পর বাটলারের টি-টোয়েন্টি রান দাঁড়িয়েছে ১৪ হাজার ২১। তার ওপরে আছেন ডেভিড ওয়ার্নার (১৪,১২১), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), কাইরন পোলার্ড (১৪,৪৮২) এবং ক্রিস গেইল (১৪,৫৬২)।
বাটলারের রেকর্ডময় ম্যাচে অবশ্য জয়ও তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। আগে ব্যাট করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তোলে ১৬৪ রান। জবাবে অধিনায়ক শুভমান গিল ও জস বাটলারের ফিফটিতে ৭ উইকেটের সহজ জয় পায় গুজরাট।

