ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে। অসুস্থতার কারণে আগের ম্যাচগুলোতে পুরোপুরি খেলতে না পারলেও তাকে ঘিরে এখন আশাবাদী ভারত শিবির।
টসের সময় অভিষেকের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘ঠিক জানি না, আরও দু-একটি ম্যাচ লাগতে পারে (ফিরতে)…।’ তবে ম্যাচ শেষে স্পিনার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, পাকিস্তান ম্যাচেই ফিরতে পারেন এই ওপেনার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক। সেই অবস্থাতেই মাঠে নামলেও ১ বল খেলে শূন্য রানে আউট হন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচ খেলার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।
পেটের সমস্যায় ভুগে দুদিন একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে হালকা অনুশীলন করলেও খেলতে পারেননি। ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি — সেই ম্যাচ দিয়েই ফেরার আশা করছেন বরুণ।
ম্যাচ শেষে বরুণ বলেন, ‘আমার মনে হয়, পরের ম্যাচেই খেলবে সে (অভিষেক)। যদিও ঠিক জানি না, তবে তার সঙ্গে যতটা কথা বলেছি, তাতে ভালো মনে হচ্ছে। আজ কিছুটা অনুশীলনও করেছে। সে নিজেই বলেছে যে সেরে উঠছে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে স্বাগতিকরা। ইশান কিশানের ঝড়ো ব্যাটিং ও হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি। পাকিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত হবে তাদের পরের পর্ব। হারলেও নেদারল্যান্ডসকে হারিয়ে সুযোগ থাকবে সেরা আটে ওঠার।

