আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে ওয়ানডেতে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এতদিন ধরে ধারণা করা হচ্ছিল, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন কোহলি। এবার সেই সম্ভাবনাই অনেকটা নিশ্চিত করলেন ভারতীয় এই ব্যাটার।
সম্প্রতি জিওহটস্টারের এক পডকাস্টে কোহলি জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ। ফলে ওই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা নাও যেতে পারে তাকে।
কোহলি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’
২০২৪ সালের জুনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। এরপর একই বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি। বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটেই ভারতের হয়ে খেলছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
২০১১ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন কোহলি। এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন কোহলি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।
ওয়ানডে বিশ্বকাপের তীব্রতা নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কোহলি। তার ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’
এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচ খেলেছেন কোহলি। সেখানে ব্যাট হাতে করেছেন ১ হাজার ৭৯৫ রান। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকারের ২ হাজার ২৭৮ রানের রেকর্ডের কাছাকাছি রয়েছেন কোহলি।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ভারতের এই তারকা। সেই লক্ষ্য পূরণে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
কোহলির ভাষায়, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তাই কোহলির প্রতিটি ম্যাচই হয়ে উঠতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে তার বিদায়ের মঞ্চের অংশ। বিশ্বকাপের শিরোপা দিয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায় রাঙাতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

