পিএসএলের এবারের আসরে রেকর্ড সংখ্যক ৬ জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। তাদের মধ্যে একমাত্র তানজিদ হাসান তামিমই ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে একাদশে সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগের অভিজ্ঞতা যে তার জন্য দারুণ শিক্ষণীয় ছিল, সেটাই জানালেন এই টাইগার ওপেনার।
পেশোয়ার জালমির হয়ে এবার ছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার—নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। নাহিদ ও শরিফুল মাঠে নামার সুযোগ পেলেও তানজিদকে থাকতে হয়েছে সাইডলাইনে। তবুও অনুশীলন ও দলের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশোয়ার জালমির প্রকাশিত এক ভিডিওবার্তায় তানজিদ বলেন,
“আলহামদুলিল্লাহ, জালমি পরিবারের অংশ হতে পারা আমার জন্য সম্মানের ব্যাপার ছিল। এটা আমার জন্য দারুণ এক যাত্রা। অসাধারণ সব সতীর্থ পেয়েছি, সবাই এখানে অনেক উপভোগ করেছে। আমি এখানে কোনো ম্যাচ না খেললেও অনেক কিছু শিখেছি। আশা করি, এগুলো আমার ক্যারিয়ারে সাহায্য করবে।”
পেশোয়ার জালমির প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন তানজিদ। তার বিশ্বাস, এবারের পিএসএলের শিরোপা জিতবে তার দলই। সমর্থকদের প্রতি দলকে সমর্থন দিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ৩ মে ফাইনালে খেলব, ইনশাআল্লাহ ট্রফিও জিতব। জালমিকে সাপোর্ট করে যান, ইনশাআল্লাহ দিন দিন আমরা আরও ভালো করব।”
এরই মধ্যে নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরেছেন তানজিদ তামিম। পেশোয়ার জালমির হয়ে থাকা শরিফুল ইসলাম ও নাহিদ রানাও ১৩ এপ্রিলের ম্যাচ খেলে দেশে ফেরার কথা রয়েছে।
অন্যদিকে, লাহোর কালান্দার্সের পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান এবং রাওয়ালপিন্ডির রিশাদ হোসেন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন এনওসির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। চোটের কারণে পিএসএলে আর খেলা হচ্ছে না ইমনের। তবে মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আবারও পিএসএলে ফিরবেন।

