দেশের বিভিন্ন জেলায় ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা ক্রিকেট সংস্থা ও সংগঠন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের অনুমোদন বা স্বীকৃতি ছাড়া কোনো সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে দাবি করতে পারবে না।
বিসিবির নজরে এসেছে, দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ও গোষ্ঠী জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, এ ধরনের সংগঠনকে কোনোভাবেই বোর্ডের অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।
দেশের জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার স্বীকৃতি, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিসিবির সংবিধানে নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রয়েছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশজুড়ে ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয় এবং বিসিবি নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করা বোর্ডের দায়িত্বের অংশ।
এ ছাড়া সংবিধানের ৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী, অধিভুক্ত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণও বোর্ডের দায়িত্বের অন্তর্ভুক্ত।
জেলা ক্রিকেট সংস্থা হতে হলে মানতে হবে বিসিবির নিয়ম
বিসিবির সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদেও জেলা ক্রিকেট সংস্থা গঠনের বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে। সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে।
পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ এবং নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লিগ আয়োজনের কথাও উল্লেখ রয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।
অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ দাবি অবৈধ
বিসিবির বক্তব্য অনুযায়ী, বোর্ডের স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা, সংগঠন বা কমিটিই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃতি পাবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
এর বাইরে কোনো সংগঠন বা কমিটি নিজেদের জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী এবং অবৈধ হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে বিসিবি।
এ বিষয়ে ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড। কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনে সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের ক্রিকেটের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিসিবির সংবিধান এবং বোর্ড অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

