শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা।
দর্শকরা এবার ঘরে বসেই অনলাইনে টিকিট কিনতে পারবেন। এজন্য প্রবেশ করতে হবে gobcbticket.com.bd ওয়েবসাইটে। অনলাইনের মাধ্যমে সহজেই সিরিজের তিন ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিটের দামের দিক থেকে সবচেয়ে কম মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য, যেখানে ২০০ টাকায় টিকিট পাওয়া যাবে। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
এছাড়া ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের টিকিট পাওয়া যাবে ১ হাজার টাকায় এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম রাখা হয়েছে ১২০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আর সর্বোচ্চ ২ হাজার টাকা মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।
আগামী ৮ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান:
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

