সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মূলত শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল-এর ঝড়ো ব্যাটিংয়েই বড় লক্ষ্য ছুড়ে দেয় ক্যারিবিয়ানরা।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতেই সাফল্য পান পেসার রিচার্ড এনগারাভা। তার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ব্র্যান্ডন কিং।
এরপর শাই হোপ ও হেটমায়ার মিলে শুরুর ধাক্কা সামাল দেন। দলীয় পঞ্চাশ পার হওয়ার পর ১২ বলে ১৪ রান করে ফেরেন হোপ; তাকে আউট করেন লরি ইভান্স।
তৃতীয় উইকেটে হেটমায়ার ও পাওয়েল মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের বিধ্বংসী জুটি, যা ম্যাচের ভিত গড়ে দেয়। হেটমায়ার ৭ ছক্কা ও ৭ চারে ৩৪ বলে খেলেন ৮৫ রানের ঝড়ো ইনিংস। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্রায়েম ক্রেমার; ডিপ মিড উইকেটে ক্যাচ নেন ব্রায়ান বেনেট।
অধিনায়ক পাওয়েলও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩৫ বলে ৫৯ রান করে বিদায় নেন। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ১৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ৪ বলে ১৩ রান করে আউট হন জেসন হোল্ডার। ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউ ফোর্ড।
হেটমায়ার–পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামবে জিম্বাবুয়ে।

